আগরতলা, ১৪ মে, ২০২৬ঃ
“অপারেশন সিন্দুর” ভারতের সামরিক সক্ষমতা ও প্রযুক্তিগত শক্তির প্রতিফলন বলে মন্তব্য করেছেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। বুধবার আগরতলার ২১ সেক্টর আসাম রাইফেলস সদর দপ্তরের অনুষ্ঠিত “মিলিটারি সিভিল ফিউশন” শীর্ষক আলোচনাচক্রে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
রাজ্যপাল বলেন, সামরিক প্রতিষ্ঠান, আধা-সামরিক বাহিনী, পুলিশ এবং অসামরিক প্রশাসনের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের ফলে ত্রিপুরা বর্তমানে একটি নিরাপদ, সহনশীল এবং আদর্শ রাজ্যে পরিণত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত বর্তমানে ক্রমবর্ধমান আস্থা অর্জন করেছে এবং বহু দেশ ভারতের কাছ থেকে সামরিক সহযোগিতা, কৌশলগত পরামর্শ ও প্রযুক্তিগত অংশীদারিত্ব চাইছে, যা দেশের প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সক্ষমতারই প্রমাণ।
“অপারেশন সিন্দুর” এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে এই আলোচনাচক্রের আয়োজন করা হয়েছে বলেও রাজ্যপাল জানান। তিনি বলেন, এই অভিযান ভারতের সামরিক সক্ষমতার গুরুত্বপূর্ণ প্রতিফলন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুরাগ, অলোক কুমার চক্রবর্তী, ৭৩ মাউন্টেন ব্রিগেডের কমান্ডেন্ট ডি.কে. সিং, রাজ্যের স্বরাষ্ট্র সচিব অভিষেক সিং এবং ২১ সেক্টর আসাম রাইফেলসের ডি.আই.জি. ও কমান্ডেন্ট ব্রিগেডিয়ার নিশান চন্দেল।
আলোচনাচক্রে অংশগ্রহণকারীরা নিরাপত্তা ব্যবস্থায় সামরিক ও বেসামরিক সংস্থার সমন্বয়, প্রযুক্তিগত উন্নয়ন এবং সহযোগিতার গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন।