আগরতলা, ১৪ মে, ২০২৬ঃ
ত্রিপুরায় আগামী ১৫ দিনের পেট্রোল-ডিজেল মজুত রয়েছে। বৃহস্পতিবার বিকালে খাদ্য ও ক্রেতাস্বার্থ বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী এই ঘোষণা দিতেই রাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্প গুলিতে শুরু হয়েছে জ্বালানি তেল কেনার হিড়িক। এদিন এক সাংবাদিক সম্মেলনে খাদ্য ও ক্রেতাস্বার্থ বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, রাজ্যের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও পেট্রোপণ্যের মজুদ সম্পর্কে খোঁজ নিতে বৃহস্পতিবার দপ্তরের আধিকারিকদের নিয়ে এক বৈঠক করেন মন্ত্রী। বৈঠক শেষে রাজ্যে পেট্রোপণ্যের মজুদ সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী জানান রাজ্যের মাত্র ১৫ দিনের পেট্রোল ডিজেল মজুদ রয়েছে। এই ঘোষণার পরেই রাজ্যজুড়ে পেট্রোল ডিজেল মজুদ করতে চালকদের মধ্যে হুড়োহুড়ি লেগেছে। যদিও
গুজবে কান না দেওয়ার আহবান রেখেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
মন্ত্রী জানান রাজ্যের ১৪৯টি পেট্রোল পাম্পে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল, ডিজেল মজুত রয়েছে। রান্নার গ্যাস তথা এলপিজি এরও সংকট নেই। তাই এখনই এ সকল জ্বালানি বিক্রিটে রেশনিং ব্যবস্থা চালু করা হচ্ছে না। খাদ্যমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সমগ্র বিশ্বেই জ্বালানি সংকট দেখা দিয়েছে। খাদ্যমন্ত্রী সমগ্র রাজ্যবাসীকে আশ্বস্ত করে বলেন, রাজ্যে পর্যাপ্ত পরিমাণেই জ্বালানি তেলের মজুত রয়েছে।
সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্যে রেশনিং ব্যবস্থায় এখনও ৮৪
দিনের চাল, ৫৭ দিনের গম, ২৮ দিনের চিনি, ৩৪ দিনের মুসুর ডাল মজুত রয়েছে। তাছাড়া খোলা
বাজারে ৮৪ দিনের চাল, ৩৮ দিনের মুসুর ডাল, ৮৭ দিনের ভোজ্য তেল, ৩২ দিনের পেঁয়াজ, ১৮
দিনের আলু, ৩৭ দিনের আটা, ৩১ দিনের চিনি এবং ১২২ দিনের লবণ মজুত রয়েছে।