আগরতলা, ১৪ মে, ২০২৬ঃ
নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে সরব হল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। ছাত্র-ছাত্রীদের স্বার্থ রক্ষার দাবিতে বৃহস্পতিবার আগরতলা এক বিক্ষোভ কর্মসূচি পালন করে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস।
যুব কংগ্রেসের অভিযোগ, নিট পরীক্ষায় নজিরবিহীন দুর্নীতি এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় সরকারের রহস্যজনক নীরবতা দেশের প্রায় ২২ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে চরম উদাসীনতার পরিচয়। এর আগেও ২০২১ এবং ২০২৪ সালে নিট এর প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। এর প্রতিবাদে এদিন আগরতলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়।
বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে কংগ্রেস ভবনের সামনে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর কুশপুতুল দাহ করেন যুব কংগ্রেস কর্মীরা। আন্দোলনকারী যুব কংগ্রেসকর্মীরা ঘটনার প্রতিবাদে অবিলম্বে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে বাতিল করার পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সহ সুপ্রিম কোর্টের একজন বিচারপতির নেতৃত্বে একটি কমিটির অধীনে গোটা ঘটনা তদন্ত দাবি করেছে যুব কংগ্রেস।
যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা জানান, দেশের ছাত্রসমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা চলতে দেওয়া হবে না। ছাত্র-ছাত্রীদের ন্যায্য অধিকার ও নিরাপদ পরীক্ষা ব্যবস্থার দাবিতে তাদের আন্দোলন আগামীদিনেও জারি থাকবে।