আগরতলা, ১৭ মে, ২০২৬ঃ
ত্রিপুরার শিক্ষার্থীদের জন্য এক বিশেষ বৃত্তি ঘোষণা করল মেঘালয়ের এমআইটি বিশ্ববিদ্যালয়। মেধা ও আর্থিক অবস্থার ভিত্তিতে এই বৃত্তি প্রদান করা হবে, যেখানে যোগ্য শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত টিউশন ফি মওকুফের সুবিধা পেতে পারেন।
এক সাংবাদিক সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা জানান, মেধাভিত্তিক ও আর্থিক সহায়তার পাশাপাশি প্রতিরক্ষা বৃত্তি, ক্রীড়া বৃত্তি এবং বিভিন্ন বিভাগভিত্তিক আর্থিক সহায়তা কর্মসূচিও চালু রয়েছে। ত্রিপুরার শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশেষ আকর্ষণ হিসেবে নির্বাচিত কোর্সে ভর্তি হওয়া প্রথম ১০ জন যোগ্য শিক্ষার্থীকে ৫০ হাজার টাকা পর্যন্ত বিশেষ বৃত্তি প্রদান করা হবে বলে।
বিশ্ববিদ্যালয়টি শিল্পভিত্তিক স্নাতক ও স্নাতকোত্তর কোর্স পরিচালনা করছে, যা শিক্ষার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানমুখী দক্ষতা অর্জনে সহায়তা করবে। পাশাপাশি ব্যবহারিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ ও প্লেসমেন্ট সহায়তার উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন শিল্প ও পেশাদার সংস্থার সঙ্গে যৌথ সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা ও ভবিষ্যৎ কর্মজীবনের সুযোগ সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করতে পারবেন। এছাড়াও ভর্তি সংক্রান্ত নির্দেশনা ও কাউন্সেলিং পরিষেবার ব্যবস্থাও রাখা হয়েছে।