আগরতলা, ২১ মে, ২০২৬ঃ
মহিলাদের ও প্রবীণ নাগরিকদের নিরাপত্তা আরও জোরদার করতে দেশের প্রথম ত্রিপুরায় ১১২ ইন্ডিয়া অ্যাপে নতুনভাবে যুক্ত করা হয়েছে “ট্র্যাক মি” ফিচার।
বিশেষত একা ভ্রমণকারী মহিলা, প্রবীণ ব্যক্তি কিংবা রাতের বেলায় বা পুরুষ অভিভাবক ছাড়া যাতায়াতকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই ফিচার চালু করা হয়েছে। “ট্র্যাক মি” অপশন চালু থাকলে ব্যবহারকারীর রিয়েল-টাইম লোকেশন সরাসরি ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম কন্ট্রোল রুমে শেয়ার হবে। ফলে কন্ট্রোল রুম থেকে সংশ্লিষ্ট ব্যক্তির গতিবিধি নজরে রাখা সম্ভব হবে।
বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হলে ব্যবহারকারী অ্যাপের ‘ডেঞ্জার বটন’ চাপলেই জরুরি পরিষেবা সক্রিয় হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম কন্ট্রোল রুম থেকে নিকটবর্তী ইমার্জেন্সি রেসপন্স ভেহিকেল ঘটনাস্থলে পাঠানো হবে, ফলে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
ত্রিপুরা পুলিশের ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম টিম ইতিমধ্যেই “ট্র্যাক মি” ফিচারের সফল পরীক্ষামূলক প্রয়োগ সম্পন্ন করেছে। রাজ্য পুলিশের এই উদ্যোগকে নাগরিক নিরাপত্তা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।