আগরতলা, ২৩ মে, ২০২৬ঃ
বাংলাদেশে দ্রুত বাড়তে থাকা হাম ও রুবেলা সংক্রমণের জেরে সতর্ক অবস্থানে রয়েছে ত্রিপুরা প্রশাসন। সীমান্তবর্তী রাজ্য হওয়ায় সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় বিশেষ নজরদারি ও টিকাকরণ কর্মসূচি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঊনকোটি জেলার জেলাশাসক ও সমাহর্তা মেঘা জৈন।
শনিবার ঊনকোটি জেলা শাসক কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, জেলার লাটিয়াপুড়া এলাকা, ইরানি পঞ্চায়েত এবং জলাই পঞ্চায়েতের কিছু এলাকায় হাম রোগের কয়েকটি ঘটনা ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর যৌথভাবে কাজ করছে।
জেলাশাসক বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ এবং বিশেষ করে শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য এটি বেশি ঝুঁকিপূর্ণ। তাই শিশুদের টিকাকরণের উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমানে ৯ মাস বয়সী শিশুদের এমআর-১ এবং ১৫ মাস বয়সী শিশুদের এমআর-২ টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ১৩ বছর পর্যন্ত শিশুদেরও এমআর টিকাকরণ অভিযানের আওতায় আনা হয়েছে।
তিনি আরও জানান, ঊনকোটি জেলায় প্রায় ৯৯.৯ শতাংশ শিশু ইতিমধ্যেই এমআর-১ টিকা গ্রহণ করেছে।