আগরতলা, ২৮ মে ২০২৬ঃ
ত্রিপুরা প্রদেশ বিজেপির নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হলেন অভিষেক দেবরায়। বৃহস্পতিবার বিজেপির কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীন তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তিনি বর্তমান সভাপতি রাজিব ভট্টাচার্যের স্থলাভিষিক্ত হলেন।
অভিষেক দেবরায় ত্রিপুরার গোমতী জেলার মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক। ২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে তিনি প্রথমবারের মতো বিধায়ক নির্বাচিত হন।
নতুন দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার প্রথমবার আগরতলায় পৌঁছান অভিষেক দেবরায়। এদিন আগরতলা বিমানবন্দরে বিজেপির নেতা কর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
এদিকে, অভিষেক দেবরায়কে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা সামাজিক মাধ্যমে লেখেন, “ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি হিসেবে অভিষেক দেবরায়ের নিয়োগে আন্তরিক অভিনন্দন। তাঁর গতিশীল নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতায় দল আরও শক্তিশালী হবে এবং ত্রিপুরার মানুষের কল্যাণে কাজ করে যাবে বলে আমি আশাবাদী। তার সফল কার্যকালের জন্য শুভেচ্ছা রইল।”
দলীয় মহলে অভিষেক দেবরায়ের এই নিয়োগকে গুরুত্বপূর্ণ সাংগঠনিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, যুব নেতৃত্বকে সামনে এনে আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করতেই বিজেপির এই সিদ্ধান্ত।