আগরতলা, ২৯ মে, ২০২৬ঃ
ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ সভাপতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করলেন নবনিযুক্ত সভাপতি অভিষেক দেবরায়। বৃহস্পতিবার আগরতলার বিজেপি প্রদেশ কার্যালয়ে তিনি প্রাক্তন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ দলের প্রদেশ প্রভারি রাজদীপ রায় ও নেতৃত্বরা।
অনুষ্ঠানের শুরুতে প্রাক্তন সভাপতি রাজীব ভট্টাচার্য নবনিযুক্ত সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে দলের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, অভিষেক দেবরায়ের নেতৃত্বে আগামী দিনে দল আরও সুসংগঠিত হবে।
দায়িত্ব গ্রহণ করে অভিষেক দেবরায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস” মন্ত্রকে সামনে রেখে বিজেপি আগামী দিনে ত্রিপুরার প্রতিটি প্রান্তে সংগঠনকে আরও মজবুত করতে কাজ করবে। তিনি বলেন, সাধারণ মানুষের স্বার্থে কাজ করাই তাঁর প্রধান লক্ষ্য।
তিনি আরও জানান, বুথ স্তর থেকে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি যুব সমাজ ও নতুন প্রজন্মকে দলের সঙ্গে আরও বেশি করে যুক্ত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি তিনি “এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা” গড়ার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।