আগরতলা, ১ জুন, ২০২৬ঃ
আগরতলা পুর নিগম ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য ৯৭৫ কোটি ৯১ লক্ষ ২ হাজার টাকার বাজেট পেশ করেছে। শহরকে স্বচ্ছ, নির্মল, যানজটমুক্ত ও আধুনিক নগরীতে পরিণত করার লক্ষ্যকে সামনে রেখে প্রস্তুত করা হয়েছে এবারের বাজেট। সোমবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান মেয়র ও বিধায়ক দীপক মজুমদার।
মেয়র জানান, প্রস্তাবিত বাজেটে মোট প্রাপ্তির পরিমাণ ধরা হয়েছে ৯৭৪ কোটি ৯৩ লক্ষ ৩৫ হাজার টাকা এবং মোট ব্যয় ৯৭৫ কোটি ৯১ লক্ষ ২ হাজার টাকা। ফলে বাজেটে ৯৭ লক্ষ ৬৭ হাজার টাকার ঘাটতি রয়েছে। তবে নাগরিকদের উপর কোনও নতুন কর আরোপ না করেই এই বাজেট তৈরি করা হয়েছে।
মোট ব্যয়ের মধ্যে ৮৩৬ কোটি ৪৫ লক্ষ ৪৫ হাজার টাকা মূলধনী খাতে ব্যয় করা হবে। নিজস্ব রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে ‘স্বয়ংসিদ্ধ আগরতলা’ উদ্যোগের মাধ্যমে ৮০ কোটি ১৯ লক্ষ টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য জিআইএস-ভিত্তিক প্রপার্টি ট্যাক্স ব্যবস্থা, অনলাইন বিল্ডিং পারমিশন এবং বিশেষ টাস্ক ফোর্সের নজরদারি জোরদার করা হবে। পাশাপাশি প্রথমবারের মতো ই-বাজেটিং ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।