আগরতলা, ১ জুন, ২০২৬ঃ
এক বছর চার মাস কারাবাসের পর ভারতে ফিরলেন ত্রিপুরার বাসিন্দা প্রদীপ চন্দ্র পাল। সোমবার ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে তাঁকে ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।
আগরতলা আমতলী থানা এলাকার বাসিন্দা প্রদীপ চন্দ্র পালকে প্রায় এক বছর চার মাস আগে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে সেদেশে তিনি গ্রেফতার হন। বৈধ নথিপত্র ছাড়াই বাংলাদেশে প্রবেশের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। পরে তাকে এই মামলায় কারাবাসের সাজা দেওয়া হলে তিনি বাংলাদেশের হবিগঞ্জ জেলা কারাগারে সাজা কাটেন।
সাজার মেয়াদ শেষ হওয়ার পর সোমবার তাঁকে বাংলাদেশের কর্তৃপক্ষ ভারতের হাতে প্রত্যর্পণ করে। খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকারের উপস্থিতিতে পহড়মুড়া বিএসএফ গেট দিয়ে তাঁকে ভারতে আনা হয়।
সমস্ত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রদীপ চন্দ্র পালকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।