আগরতলা, ৫ জুন, ২০২৬ঃ
অবিলম্বে বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহারসহ একাধিক দাবিতে শুক্রবার বনমালীপুর ভুতুরিয়া এলাকায় অবস্থিত ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড, টিএসইসিএল অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, কোনও ধরনের পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই মে মাস থেকে বিদ্যুতের মাশুল, ফিক্সড চার্জ ও ডিউটি চার্জ হঠাৎ করে বৃদ্ধি করেছে টিএসইসিএল। এর ফলে সাধারণ গ্রাহকদের উপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপছে। পাশাপাশি লাইনম্যানের সংখ্যা কম থাকায় বিদ্যুৎ লাইনে কোনও সমস্যা দেখা দিলে দীর্ঘ সময় ধরে ভোগান্তির শিকার হতে হচ্ছে গ্রাহকদের।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ঘন ঘন লোডশেডিং ও লো-ভোল্টেজ সমস্যায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। তাই অবিলম্বে বর্ধিত বিদ্যুৎ মাশুল, ফিক্সড চার্জ ও ডিউটি চার্জ প্রত্যাহার করতে হবে এবং বিদ্যুৎ পরিষেবার সামগ্রিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বিক্ষোভ কর্মসূচি শেষে সঞ্জয় চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল তাদের দাবিসংবলিত স্মারকলিপি টিএসইসিএল এর ম্যানেজিং ডিরেক্টরের নিকট প্রদান করেন।