আগরতলা, ১৪ জুন, ২০২৬ঃ
বিজেপি শাসিত ত্রিপুরায় ফের বড় ধাক্কা খেল শাসক দল। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে ভরাডুবি হল বিজেপি-সমর্থিত আইনজীবী উন্নয়ন মঞ্চের। ১৫ সদস্যবিশিষ্ট কমিটির মধ্যে ১০টি আসনে জয় পেয়েছে বাম-কংগ্রেস সমর্থিত ‘সংবিধান বাঁচাও মঞ্চ’। বিজেপি-সমর্থিত আইনজীবী উন্নয়ন মঞ্চ জয় পেয়েছে মাত্র ৫টি আসনে।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল সভাপতি, সম্পাদক এবং সহকারী সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে পরাজিত হয়েছে বিজেপি-সমর্থিত প্রার্থীরা। একমাত্র সহ-সভাপতি পদে জয় পেয়েছেন উন্নয়ন মঞ্চের প্রার্থী জীবনকৃষ্ণ সেন। এছাড়া সদস্য পদে জয়ী হন কিশালয় রায়, অর্পণ দাস, রুঠি দেববর্মা এবং অনির্বাণ লোধ।
৫৫৫ জন আইনজীবী ভোট দেন শনিবার। বিকেল ৩টা থেকে শুরু হয় গণনা এবং রাত সাড়ে ১১টা নাগাদ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
গণনার প্রথম রাউন্ড থেকেই বিজেপির আইনজীবী উন্নয়ন মঞ্চকে পিছনে ফেলে এগিয়ে যায় সংবিধান বাঁচাও মঞ্চ। সভাপতি পদে সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থী পৃথা দেব পাল ২৩ ভোটে নির্দল প্রার্থী মৃণাল কান্তি বিশ্বাসকে পরাজিত করেন। বিজেপি-সমর্থিত প্রার্থী সুব্রত দেবনাথ তৃতীয় স্থানে চলে যান।
সম্পাদক পদে বড় ব্যবধানে জয় পান সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থী ভাস্কর দেববর্মা। তিনি বিজেপি-সমর্থিত প্রার্থী বিদ্যুৎ সূত্রধরকে ১১০-রও বেশি ভোটে হারান। সহকারী সম্পাদক পদে জয়ী হন মল্লিকা সাহা ও ভবানী রঞ্জন ভট্টাচার্য।
এই ফলাফল প্রকাশের পর থেকেই রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। ক্ষমতায় থাকা সত্ত্বেও এবং ব্যাপক প্রচার চালিয়েও ঐতিহ্যবাহী ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের দখল নিতে ব্যর্থ হয়েছে বিজেপি। বিশেষ করে সম্পাদক পদে বিদ্যুৎ সূত্রধরের বড় ব্যবধানে পরাজয়কে শাসক দলের জন্য বড় অস্বস্তি হিসেবে দেখা হচ্ছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এডিসি নির্বাচনের পর ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের ফলাফলও শাসক দলের জন্য বড় রাজনৈতিক বার্তা বহন করছে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

MHA cancels FCRA license of Sonam Wangchuk’s SECMOL

Leh, Sept 25: The Ministry of Home Affairs (MHA) on Thursday cancelled…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…