আগরতলা, ১৫ জুন, ২০২৬ঃ
রাজ্যে বর্ষার মরশুমে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা
সোমবার সচিবালয় রাজ্য টাস্ক মনিটরিং সিস্টেমের বৈঠকে রাজ্যের বিভিন্ন জনস্বার্থমূলক বিষয়গুলির পাশাপাশি বাসায় ক্ষতিগ্রস্ত রাস্তা গুলির দ্রুত সংস্কারের নির্দেশ দেন তিনি। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
বর্ষার মরশুমে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির দ্রুত সংস্কারের উপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের যাতায়াতে যাতে কোনো সমস্যা না হয় সেদিকে বিশেষ নজর রাখতে হবে। মোহনপুর থেকে সুবল সিং পর্যন্ত রাস্তার কাজ দ্রুত এবং নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন করার নির্দেশও দেন তিনি। পাশাপাশি বিভিন্ন নির্মাণ প্রকল্প নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করার উপর গুরুত্ব আরোপ করা হয়।
বৈঠকে বর্জ্য ব্যবস্থাপনা, নগর এলাকার এলইডি স্ক্রিনগুলির রক্ষণাবেক্ষণ, বৃষ্টির জল নিষ্কাশনের জন্য পাম্প মেশিনগুলির কার্যকারিতা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় রাখার বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে জনস্বাস্থ্য ও নাগরিক পরিষেবার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। মুখ্যমন্ত্রী হাসপাতালগুলিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিষেবা ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এছাড়াও খাবারের গুণমান নিশ্চিত করতে ফুড সেফটি অফিসারদের নিয়মিত ক্ষেত্র পর্যায়ে গিয়ে নজরদারি ও তদন্ত চালানোর নির্দেশ দেন।
বৈঠকে মুখ্যমন্ত্রী বিভিন্ন দপ্তরের আধিকারিকদের জনসেবামূলক কাজ আরও দ্রুত, স্বচ্ছ ও দায়িত্বশীলভাবে সম্পন্ন করার নির্দেশ দেন। বিশেষ করে নেশা ও অপরাধের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে অভিযান পরিচালনার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, প্রতিটি জেলায় মোবাইল পেট্রোলিং ব্যবস্থা সর্বদা সক্রিয় রাখতে হবে। পাশাপাশি শিশুদের পার্ক ও জনসমাগমস্থলে সুস্থ পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসনকে আরও তৎপর হওয়ার নির্দেশ দেন তিনি।