আগরতলা, ১৫ জুন, ২০২৬ঃ
আগরতলা-করিমগঞ্জ রুটে যাত্রীবাহী ট্রেনে অস্বাভাবিক ভিড়কে কেন্দ্র করে সোমবার সকালে জিরানিয়া রেল স্টেশনে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়। প্রতিবাদে রেল অবরোধ করেন যাত্রীরা।
জানা গেছে, সোমবার সকাল ৭টা ২০ মিনিটে আগরতলা থেকে করিমগঞ্জগামী ছোট আকারের যাত্রীবাহী ট্রেনটি মাত্র পাঁচটি বগি নিয়ে রওনা দেয়। আগরতলার বাধারঘাট স্টেশন থেকেই ট্রেনটি ছিল ঠাসা ভিড়ে পূর্ণ। যোগেন্দ্রনগর স্টেশনেও বহু যাত্রী ট্রেনে উঠতে পারেননি। পরে ট্রেনটি জিরানিয়া স্টেশনে পৌঁছালে সেখানকার যাত্রীরাও একই সমস্যার সম্মুখীন হন। ট্রেনের ভেতরে তিল ধারণের জায়গা না থাকায় বহু যাত্রী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকেন।
ক্ষুব্ধ যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই রুটে পর্যাপ্ত বগির ব্যবস্থা করা হচ্ছে না। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সোমবার পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করলে যাত্রীরা করিমগঞ্জগামী ট্রেনটি আটকে দেন। পাশাপাশি ধর্মনগর থেকে আগরতলাগামী যাত্রীবাহী ট্রেনটিও জিরানিয়া স্টেশনে আটকে রাখা হয়।
বিক্ষোভকারীদের দাবি, পর্যাপ্ত সংখ্যক বগির অভাবে অতিরিক্ত ভিড়ের কারণে বহু যাত্রীকে ট্রেনের ইঞ্জিন পর্যন্ত উঠে যাত্রা করতে দেখা যায় বলেও অভিযোগ ওঠে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও জিআরপি কর্তৃপক্ষ। যাত্রীদের সঙ্গে আলোচনা চালানোর চেষ্টা করা হলেও সকাল ১০টা ১০ মিনিট পর্যন্ত অবরোধ চলছিল বলে জানা গেছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।