আগরতলা, ১৬ জুন, ২০২৬ঃ
ত্রিপুরা সরকার শিল্প উদ্যোক্তাদের জন্য শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে অঙ্গীকারবদ্ধ। মঙ্গলবার আগরতলায় “দ্বিতীয় ত্রিপুরা রিভার্স বায়ার-সেলার মিট ২০২৬” অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ত্রিপুরার বেশ কিছু গুণমানসম্পন্ন পণ্য ইতিমধ্যেই জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সমাদৃত হয়েছে। জিআই ট্যাগপ্রাপ্ত কুইন আনারস, ঐতিহ্যবাহী রিশা এবং বাঁশ ও বেতের হস্তশিল্প রাজ্যের গৌরব বহন করছে। উন্নত যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের ফলে বর্তমানে ত্রিপুরায় ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ আরও সুদৃঢ় হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আর.এ.এম.পি. কর্মসূচির আওতায় আয়োজিত এই বায়ার-সেলার মিটের মূল লক্ষ্য ছিল ত্রিপুরার এম.এস.এম.ই. প্রতিষ্ঠানগুলির সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের সম্ভাব্য ক্রেতাদের সরাসরি সংযোগ স্থাপন করা। এর মাধ্যমে বাজার সম্প্রসারণ, ব্যবসায়িক অংশীদারিত্ব বৃদ্ধি এবং নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করা হয়।
এদিনের অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজ্য থেকে আগত ৩৫ জন ক্রেতা এবং ত্রিপুরার বিভিন্ন এম.এস.এম.ই.-এর ৬৮ জন বিক্রেতা অংশগ্রহণ করেন। কৃষিভিত্তিক পণ্য, হস্তশিল্প, বাঁশ ও বেতজাত সামগ্রী এবং খাদ্য প্রক্রিয়াজাত পণ্যসহ বিভিন্ন উৎপাদিত দ্রব্য প্রদর্শন ও বিপণন করা হয়।