আগরতলা, ৩০ জুন, ২০২৬ঃ
ত্রিপুরায় ফের দরিদ্র পরিবারের সন্তান বিক্রির অভিযোগ সামনে এসেছে। আগরতলার আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা মুসলিম পাড়া এলাকায় এক দম্পতির বিরুদ্ধে অর্থের বিনিময়ে তাদের কন্যা সন্তানকে আসামের এক ব্যক্তির কাছে বিক্রি করার অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে আমতলী থানার পুলিশ।
চাইল্ড লাইন কর্তৃপক্ষের অভিযোগ, অভাব-অনটনের কারণে ওই দম্পতি তাদের কন্যা সন্তানকে আসামের করিমগঞ্জ জেলার বাজার থানা এলাকার বাসিন্দা গিয়াসিন উদ্দিনের কাছে তুলে দেন। অভিযোগ পাওয়ার পর মঙ্গলবার সকালে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন, চাইল্ড লাইন কর্তৃপক্ষ ও আমতলী থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।
জানা গেছে, অভিযুক্ত দম্পতি পেশায় দিনমজুর এবং তাঁদের তিনটি কন্যা সন্তান রয়েছে। ঘটনার পর শিশুটির মাকে আটক করেছে পুলিশ। বর্তমানে উদ্ধার হওয়া শিশুটিকে ওয়ান স্টপ সেন্টারে রাখা হয়েছে।
অভিযুক্ত মা দাবি করেছেন, আর্থিক সমস্যার কারণে তিনি শিশুটির সঠিকভাবে দেখভাল করতে পারছিলেন না। তাই তাঁর স্বামীর পরিচিত আসামের এক নিঃসন্তান শ্রমিক দম্পতির হাতে শিশুটিকে তুলে দিয়েছেন। তবে টাকার বিনিময়ে সন্তান বিক্রির অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
এদিকে জেলা চাইল্ড প্রটেকশন আধিকারিক জানিয়েছেন, শিশুকে বিক্রির অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। শিশুকে অন্য পরিবারের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে আইন অনুযায়ী যে প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন ছিল, তা মানা হয়নি বলেও প্রাথমিকভাবে জানা গেছে।