আগরতলা, ১ জুলাই, ২০২৬ঃ
রাজ্যে ক্রমবর্ধমান নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বুধবার ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে মহিলা কমিশন ঘেরাও কর্মসূচি পালন করা হয়।
প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তীর নেতৃত্বে মহিলা কংগ্রেসের কর্মী-সমর্থকরা মহিলা কমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে বিক্ষোভকারীরা মহিলা কমিশনের ভিতরে প্রবেশ করে প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একসময় পুলিশের সঙ্গে মহিলা কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
মহিলা কংগ্রেসের অভিযোগ, রাজ্যে একের পর এক নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলেও মহিলা কমিশনের পক্ষ থেকে কার্যকর কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। সংগঠনের দাবি, গত ১০ জুন শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত মনীষা দাসের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আনতে হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
বিক্ষোভকারীদের বক্তব্য, শিশু কন্যা থেকে শুরু করে ৬০-৬৫ বছর বয়সী মহিলারাও আজ রাজ্যে নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। ধর্ষণ, গণধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তারা সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
বিক্ষোভ থেকে মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদত্যাগের দাবিও তোলা হয়। মহিলা কংগ্রেস নেতৃবৃন্দ জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা খুমটিয়া দেববর্মণ, সদর জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী রূপা রায় দাস সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।