আগরতলা, ৫ জুলাই, ২০২৬ঃ
জিবিপি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার এবং হাসপাতালের চিকিৎসা পরিষেবার উন্নয়নের দাবিতে আগরতলায় গণধর্না কর্মসূচি পালন করেছে সর্বভারতীয় পঞ্চায়েত পরিষদ, ত্রিপুরা রাজ্য কমিটি। কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহার নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচি শহরের সার্কিট হাউস ও গান্ধী মূর্তির পাদদেশ এলাকায় অনুষ্ঠিত হয়।
গণধর্নায় উপস্থিত বক্তারা অভিযোগ করেন, জিবি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত অযৌক্তিক। তাঁদের দাবি, বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করুক।
পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে হাসপাতালের চিকিৎসা পরিকাঠামোর উন্নয়ন, পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান নিয়োগের দাবিও জানানো হয়। বক্তাদের মতে, জিবি হাসপাতালের পরিষেবার মানোন্নয়নের জন্য দ্রুত শূন্যপদ পূরণ এবং প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা জরুরি।
কর্মসূচিতে বিধায়ক বীরজিৎ সিনহা সহ সর্বভারতীয় পঞ্চায়েত পরিষদ, ত্রিপুরা রাজ্য কমিটির অন্যান্য নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা জানান, জনস্বার্থে উত্থাপিত দাবিগুলি দ্রুত বাস্তবায়িত না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।