আগরতলা, ১৫ জুলাই, ২০২৬ঃ
‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির ৭০তম পর্বে বুধবার উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন প্রান্তের ২৭ জন নাগরিকের চিকিৎসা, সামাজিক সুরক্ষা, শিক্ষা, কর্মসংস্থান ও যোগাযোগ সংক্রান্ত সমস্যার কথা ভার্চুয়াল মাধ্যমে শোনেন মানিক সাহা। সমস্যা শুনে সংশ্লিষ্ট দপ্তর ও জেলা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
কর্মসূচিতে বিভিন্ন এলাকার বাসিন্দারা চিকিৎসা সহায়তা, প্রতিবন্ধী, বিধবা ও বার্ধক্য ভাতা, আবাসন, বিকল্প কর্মসংস্থান, শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের আবেদন জানান। মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
কাঞ্চনপুর মহকুমা শাসকের কার্যালয় থেকেও ভার্চুয়াল মাধ্যমে নাগরিকরা এই কর্মসূচিতে অংশ নেন। আগরতলার টিআইএফটি’র ওয়ার রুম থেকে মুখ্যমন্ত্রী তাদের বিভিন্ন অভিযোগ ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন।
অনুষ্ঠানে উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে তৈরি নাগরিক অংশগ্রহণমূলক ‘যোদ্ধা’ পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বাল্যবিবাহ, মাদকাসক্তি, গার্হস্থ্য হিংসা, শিশুশ্রমসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এই পোর্টালের মূল লক্ষ্য।
পোর্টালের মাধ্যমে নাগরিকরা নিজেদের পরিচয় গোপন রেখে প্রশাসনের কাছে বিভিন্ন সামাজিক সমস্যার তথ্য জানাতে পারবেন।