আগরতলা, ১৫ জুলাই, ২০২৬ঃ
শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের বিভিন্ন দাবিকে সামনে রেখে বুধবার আগরতলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে সেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন, সিটু এর সদর মহকুমা কমিটি। কর্মসূচিতে শ্রমিক স্বার্থবিরোধী নীতি ও জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন সংগঠনের নেতা-কর্মীরা।
বিক্ষোভে শ্রমিক স্বার্থবিরোধী শ্রম কোড বাতিল, বিদ্যুতের বিল কমানো, স্মার্ট মিটার প্রত্যাহার, ‘জি রাম জি’ প্রকল্প বাতিল করে পূর্বের ১০০ দিনের কাজ, রেগা প্রকল্প চালু রাখা, বছরে ২০০ দিনের কাজ নিশ্চিত করা এবং দৈনিক ৭০০ টাকা মজুরি প্রদানের দাবি জানানো হয়। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, জাতীয় সড়কসহ আগরতলা শহরের বেহাল রাস্তাগুলির দ্রুত সংস্কার, বেকারদের কর্মসংস্থান এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও তোলা হয়।
সমাবেশে প্রধান বক্তা শংকর দে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে বলেন, শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা আজ গভীর সংকটের মুখে। তাঁর অভিযোগ, রাজ্যে কর্মসংস্থানের অভাব, রেগা ও টুয়েপ প্রকল্পে পর্যাপ্ত কাজের সুযোগ না থাকা, বিদ্যুতের বাড়তি বিল, স্মার্ট মিটার, মূল্যবৃদ্ধি, বেহাল সড়ক এবং নারীদের নিরাপত্তাহীনতার মতো একাধিক সমস্যা দিন দিন প্রকট হয়ে উঠছে।