আগরতলা, ১৫ জুলাই, ২০২৬ঃ
মহিলা সংরক্ষণ আইন দ্রুত কার্যকর করার দাবিতে আগামী ২১ জুলাই দিল্লির যন্তর মন্তরে বৃহত্তর কর্মসূচির ডাক দিয়েছে সর্বভারতীয় মহিলা কংগ্রেস। আসন্ন সংসদ অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল পাশের দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিতে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল দিল্লি যাবে।
বুধবার আগরতলায় প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানান সংগঠনের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী। তিনি জানান, কেন্দ্রের বিজেপি সরকার যাতে দ্রুত মহিলা সংরক্ষণ বিল পাশ করে এবং তা কার্যকর করার উদ্যোগ গ্রহণ করে, সেই দাবিতেই সর্বভারতীয় মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
সর্বাণী ঘোষ চক্রবর্তী বলেন, দেশের রাজনৈতিক ব্যবস্থায় নারীদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বাড়ানোর লক্ষ্যে মহিলা সংরক্ষণ আইন কার্যকর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দাবিকে সামনে রেখে দিল্লির যন্তর মন্তরের কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্তের মহিলা কংগ্রেস কর্মী ও নেতৃত্ব অংশ নেবেন। তিনি আরও জানান, ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের ১৫ সদস্যের প্রতিনিধি দলও এই কর্মসূচিতে যোগ দিয়ে মহিলা সংরক্ষণ আইন দ্রুত বাস্তবায়নের দাবিতে সরব হবে।