আগরতলা, ১৬ জুলাই, ২০২৬ঃ
রাজ্যের সংশোধনাগার ও কারাগারগুলিতে থাকা আবাসিকদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে খেলাধুলা এবং দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। একই সঙ্গে সাজা শেষে মুক্তিপ্রাপ্তদের সমাজের মূল স্রোতে পুনর্বাসনের বিষয়েও প্রশাসনকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার আগরতলার টিআইএফটি এর কনফারেন্স হলে কেন্দ্রীয় সংশোধনাগার ও রাজ্যের বিভিন্ন কারাগারের সংস্কার এবং আধুনিকীকরণ নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী এসব নির্দেশ দেন।
মুখ্যমন্ত্রী বলেন, কারা আবাসিকদের মানসিক সুস্থতার জন্য আরও বেশি করে খেলাধুলা ও বিভিন্ন দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এই প্রশিক্ষণ তাদের সাজা শেষে কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং স্বনির্ভর জীবনে ফিরতে সহায়তা করবে। পাশাপাশি যারা শাস্তির মেয়াদ শেষ করে সমাজে ফিরে এসেছেন, তাদের পরবর্তী জীবনযাত্রার প্রতিও নজর রাখার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
তিনি আরও বলেন, কারাগারে থাকা আবাসিকদের সঠিক পুষ্টি, উন্নত চিকিৎসা এবং অন্যান্য মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে।
এদিন কারা দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে কেন্দ্রীয় সংশোধনাগারসহ রাজ্যের বিভিন্ন কারাগারে আবাসিকদের সংখ্যা, খাদ্য ও চিকিৎসা ব্যবস্থা, বই ও সংবাদপত্র পড়ার সুযোগ, খেলাধুলার ব্যবস্থা এবং অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। এছাড়া কারাগারগুলির পরিকাঠামো উন্নয়ন ও আধুনিকীকরণের অগ্রগতি সম্পর্কেও তিনি মুখ্যমন্ত্রীকে অবহিত করেন।