আগরতলা, ১৭ জুলাই ২০২৬ঃ
দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা হিসেবে জনগণনা ২০২৭ এর স্বগণনা পর্ব শুক্রবার থেকে শুরু হল ত্রিপুরায়। আগরতলার লোক ভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু অনলাইনের মাধ্যমে নিজের তথ্য নথিভুক্ত করে রাজ্যে এই প্রক্রিয়ার সূচনা করেন।
স্বগণনার মূল উদ্দেশ্য হল জনগণনা প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ এবং প্রযুক্তিনির্ভর করে তোলা। নতুন এই ব্যবস্থার মাধ্যমে নাগরিকরা নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেরাই পরিবারের প্রয়োজনীয় তথ্য জমা দিতে পারবেন।
এদিন মুখ্যমন্ত্রী মানিক সাহাও অনলাইনে স্বগণনা প্রক্রিয়ায় অংশ নেন। নিজের তথ্য নিজেই নথিভুক্ত করার পর তিনি রাজ্যের নাগরিকদের নির্ধারিত সময়ের মধ্যে ডিজিটাল সেলফ এনোমারেশন প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান।
মুখ্যমন্ত্রী বলেন, “জনগণনা ২০২৭” এর অংশ হিসেবে ডিজিটাল সেলফ এনোমারেশন করেছি। রাজ্যের প্রতিটি নাগরিকের কাছে আমার আহ্বান, নির্ধারিত সময়সীমার মধ্যে সঠিক তথ্য দিয়ে এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন।”
তিনি আরও বলেন, একটি পূর্ণাঙ্গ ও নির্ভুল জনগণনা উন্নত পরিকল্পনা, কার্যকর সুশাসন এবং সর্বজনীন উন্নয়নের ভিত্তি তৈরি করে। তাই প্রত্যেক নাগরিকের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।