আগরতলা, ১৮ জুলাই, ২০২৬ঃ
দিল্লিতে অনশনরত পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে পুলিশ জোরপূর্বক অনশনস্থল থেকে সরিয়ে দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ২০ জুলাই ককরোচ জনতা পার্টি, সিজেপি এর ডাকা সংসদ অভিযান কর্মসূচিতে সমর্থন ঘোষণা করেছে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি। একই দিনে রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা স্তরে সংহতি কর্মসূচি পালনেরও সিদ্ধান্ত নিয়েছে দল।
শনিবার এই কর্মসূচির ঘোষণা দেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, গত ২০ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে অনশনরত সোনম ওয়াংচুককে শনিবার সকালে দিল্লি পুলিশ জোর করে অনশনস্থল থেকে তুলে নিয়ে যায়। এই ঘটনাকে তিনি গণতান্ত্রিক অধিকারের ওপর আঘাত বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানান। তাঁর অভিযোগ, শান্তিপূর্ণ গণআন্দোলন দমনে দিল্লি পুলিশের এই পদক্ষেপ সম্পূর্ণ অগণতান্ত্রিক।
জিতেন্দ্র চৌধুরী জানান, এই ঘটনার প্রতিবাদেই ২০ জুলাই সিজেপি-র ডাকা সংসদ অভিযান কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে ত্রিপুরার বিভিন্ন জেলা ও মহকুমায় সিপিআইএম এর পক্ষ থেকে কর্মসূচি পালন করা হবে।
গত ১১ জুলাই জিতেন্দ্র চৌধুরী দিল্লির যন্তর মন্তরে গিয়ে সিজেপি-র অনশন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন। এছাড়াও, সোনম ওয়াংচুকের আন্দোলনের সমর্থনে এর আগে আগরতলায় সংহতি কর্মসূচি পালন করেছিল ছাত্র সংগঠন এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটি।