আগরতলা, ১৮ জুলাই, ২০২৬ঃ
রাজ্যের পুলিশ বাহিনীকে আরও আধুনিক, দক্ষ, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। শনিবার এ চন্দ্র রামা রাও টিএসআর প্রশিক্ষণ কেন্দ্রে নবনিযুক্ত পুলিশ কনস্টেবলদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে এ কথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন ত্রিপুরা পুলিশের ৯২তম ব্যাচের ৪৭০ জন পুরুষ পুলিশ কনস্টেবলের পাসিং আউট সম্পন্ন হয়।
মুখ্যমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, সাইবার অপরাধ দমন ব্যবস্থা শক্তিশালী করা এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করাকে সরকার সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, একজন পুলিশকর্মী বিপদগ্রস্ত মানুষের প্রথম ভরসার প্রতীক। তাই আইন প্রয়োগের পাশাপাশি মানবিকতা, সততা, সংবেদনশীলতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।
তিনি জানান, সাইবার অপরাধ প্রতিরোধে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে। নতুন ফৌজদারি আইন সম্পর্কে ত্রিপুরা পুলিশের সকল সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০২৫ সালে আগরতলায় বিশেষ প্রদর্শনীর আয়োজন করে ত্রিপুরা দেশের প্রথম রাজ্য হিসেবে নজির গড়েছে।
অনুষ্ঠানে রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ বলেন, নবনিযুক্ত কনস্টেবলদের শারীরিক প্রশিক্ষণের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা ও জননিরাপত্তা বিষয়েও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদিন নবনিযুক্ত কনস্টেবলদের শপথবাক্য পাঠ করান।