আগরতলা, ২২ জুলাই, ২০২৬ঃ
ত্রিপুরা সরকারের মুখ্য সচিব জিতেন্দ্র কুমার সিনহা অসুস্থ হয়ে আইএলএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার সচিবালয়ে নিজের দপ্তরে কাজ করার সময় হঠাৎ অসুস্থ বোধ করেন মুখ্য সচিব। তাঁর জ্বর ও ডিহাইড্রেশনের উপসর্গ দেখা দিলে দপ্তরের কর্মীরা দ্রুত তাঁকে আইএলএস হাসপাতালে নিয়ে যান।
আইএলএস হাসপাতালের চিকিৎসকরা জানান, মুখ্য সচিবের হালকা জ্বর ও ডিহাইড্রেশনের সমস্যা রয়েছে। তবে তাঁর হৃদযন্ত্র, কিডনি, রক্তে শর্করার মাত্রা এবং রক্তচাপসহ অন্যান্য গুরুত্বপূর্ণ শারীরিক মাপকাঠি স্বাভাবিক রয়েছে। চিকিৎসকরা তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
হাসপাতালের চিফ অপারেটিং অফিসার ড. গৌতম হাজরিকা জানান, মুখ্য সচিবের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বুধবার মুখ্য সচিবের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মানিক সাহা। মুখ্যমন্ত্রী হাসপাতালে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, ভাইরাল জ্বরের কারণে জিতেন্দ্র কুমার সিনহা চিকিৎসাধীন থাকলেও তাঁর অন্যান্য শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। চিকিৎসকদের সঙ্গে তাঁর চিকিৎসার অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের দ্রুত আরোগ্য কামনা করেন।