আগরতলা, ২২ জুলাই, ২০২৬ঃ
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগরতলায় ছাত্র আন্দোলন বুধবার তৃতীয় দিনেও অব্যাহত রইল। এদিনও বিক্ষোভকারীরা শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতি বন্ধ করা এবং শিক্ষা ক্ষেত্রে প্রশাসনিক দায়বদ্ধতা বাড়ানোর দাবি জানান।
ছাত্রছাত্রীদের অভিযোগ, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি ও পরীক্ষার অনিয়মের কারণে মেধাবী ও যোগ্য প্রার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। এই পরিস্থিতির জন্য নৈতিক দায় স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত বলেও দাবি করেন তারা।
এদিনের কর্মসূচিতে দিল্লির যন্তর-মন্তরে আন্দোলনরত পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে দিল্লি পুলিশের সরিয়ে দেওয়ার ঘটনারও প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশি বলপ্রয়োগের অভিযোগ তুলে তার নিন্দা করেন বিক্ষোভকারীরা।
তাদের দাবি, গণতান্ত্রিক প্রতিবাদের অধিকার রক্ষা করা জরুরি। বিক্ষোভকারীরা জানান, তাদের আন্দোলন কোনও রাজনৈতিক কর্মসূচি নয়, বরং দেশের শিক্ষা ব্যবস্থায় সংস্কার, স্বচ্ছতা এবং ছাত্রদের স্বার্থ রক্ষার দাবিতে এই কর্মসূচি চালানো হচ্ছে।