আগরতলা, ১ আগস্ট, ২০২৬ঃ
আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতাল এখন চিকিৎসা পরিষেবার পাশাপাশি চিকিৎসা শিক্ষা, গবেষণা, মানবসেবা ও মানবিক মূল্যবোধের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ স্বাস্থ্য পরিষেবা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এই হাসপাতাল। শনিবার এজিএমসি ও জিবিপি হাসপাতালের ২২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এক সময় ত্রিপুরায় সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা অনেকের কাছে স্বপ্নের মতো ছিল। বর্তমানে এজিএমসি শুধু চিকিৎসা পরিষেবার ক্ষেত্রেই নয়, চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং সুপার স্পেশালিটি পরিষেবার ক্ষেত্রেও উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
তিনি জানান, রাজ্যের চিকিৎসা শিক্ষার মানোন্নয়নে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। এজিএমসিতে এমবিবিএস আসন বৃদ্ধি, ডেন্টাল কলেজের আসন সম্প্রসারণ, স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং নতুন বিশেষায়িত কোর্স চালুর ফলে রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য চিকিৎসা শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। পাশাপাশি একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজও এগিয়ে চলছে।
স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এজিএমসি ও জিবিপি হাসপাতালে বর্তমানে জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হচ্ছে। রাজ্যে ইতিমধ্যে ৯টি সফল কিডনি প্রতিস্থাপন হয়েছে। আগামী দিনে লিভার ও হার্ট প্রতিস্থাপন পরিষেবা চালুর লক্ষ্যে সরকার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।