আগরতলা, ২ আগস্ট, ২০২৬ঃ
‘নেশামুক্ত যুব–বিকশিত ভারত সংকল্প অভিযান’ শুধুমাত্র সরকারের একটি কর্মসূচি নয়, এটি একটি জনআন্দোলন। রাজ্যের প্রতিটি নাগরিককে এই অভিযানে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানালেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা নাল্লু রেড্ডি। রবিবার ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করা ‘নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান’ এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিয়ে এই আহ্বান রাখেন তিনি।
এদিন অনুষ্ঠানের তিনি বলেন, অভিভাবকদের সন্তানদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে, শিক্ষকদের শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে হবে এবং সমাজের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের নিজেদের আচরণের মাধ্যমে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে হবে। পাশাপাশি যুবসমাজকে মাদকের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার পাশাপাশি তাদের সমবয়সীদেরও এই অঙ্গীকারে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি।
ত্রিপুরার ভৌগোলিক অবস্থান ও আন্তর্জাতিক সীমান্তের কারণে রাজ্যটি অবৈধ মাদক পাচারের ঝুঁকিতে রয়েছে উল্লেখ করে রাজ্যপাল বলেন, মাদকচক্র বিশেষভাবে যুবসমাজকে লক্ষ্যবস্তু করছে। এর ফলে তাদের স্বাস্থ্য, পরিবার ও সামাজিক জীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, নাগরিক সমাজ এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ২০২০ সালের ১৫ আগস্ট চালু হওয়া নেশামুক্ত ভারত অভিযান প্রথমে দেশের ২৭২টি মাদকপ্রবণ জেলায় শুরু হলেও বর্তমানে তা দেশের প্রতিটি জেলায় সম্প্রসারিত হয়েছে। এই কর্মসূচির মূল লক্ষ্য মাদকের সরবরাহ নিয়ন্ত্রণ, জনসচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা।