আগরতলা, ১২ ডিসেম্বর ২০২৫ঃ
৭৯-তম সন্তোষ ট্রফি ফুটবলের দ্বিতীয় রাউন্ডে পৌঁছাতে পারলে ত্রিপুরা দলের প্রত্যেক খেলোয়াড়ের জন্য ২ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন। টিএফএ এর সচিব অমিত চৌধুরী, শুক্রবার সাংবাদিকদের জানান, খেলোয়াড়দের উৎসাহ বাড়াতেই এই বিশেষ পুরস্কারের ঘোষণা করা হয়েছে।
আগামী ১৫ ডিসেম্বর থেকে আগরতলায় শুরু হচ্ছে সন্তোষ ট্রফির ডি গ্রুপের লড়াই। স্বাগতিক ত্রিপুরার পাশাপাশি এই গ্রুপে রয়েছে মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড। প্রথম ম্যাচেই ত্রিপুরার প্রতিপক্ষ শক্তিশালী মণিপুর দল। ইতিমধ্যেই রাজ্য দল গঠন করা হয়েছে এবং খেলোয়াড়রা নিবিড় অনুশীলনে ব্যস্ত।
টিএফএ জানিয়েছে, শুক্রবার থেকে অংশগ্রহণকারী দলগুলি আগরতলায় পৌঁছাতে শুরু করবে। মোট ২০ সদস্যের ত্রিপুরা দলে ভিনরাজ্যের কয়েকজন ফুটবলারও রয়েছেন। তবে সবাই এখনও ক্যাম্পে যোগ দেননি; আগামী দুই-এক দিনের মধ্যেই তারা দলে যোগ দেবেন বলে জানা গেছে।
সন্তোষ ট্রফির প্রস্তুতি ও আয়োজনে টিএফএ এবারও ব্যাপক গুরুত্ব দিচ্ছে। গত কয়েক বছরে জাতীয় আসর সফলভাবে আয়োজন করায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, টিএফএ-র ব্যবস্থাপনাকে সন্তুষ্টি জানিয়েছে।