আগরতলা, ১৮ ডিসেম্বর, ২০২৫ঃ
ডেলিভারি কর্মী প্রসেনজিৎ সরকার মৃত্যু ঘটনায় মূল তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন মূল অভিযুক্ত দুই মহিলা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত গভীর রাতে আসামের শ্রীভূমি জেলার রেলস্টেশন থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলেন, সুষ্মিতা ভট্টাচার্য, সঙ্গীতা ভট্টাচার্য ও সৌরভ ভট্টাচার্য। আরও দুই অভিযুক্ত, মেগাদীপ ভট্টাচার্য ও পিউ ধর এখনও পলাতক রয়েছেন।
২৩ বছর বয়সি প্রসেনজিৎ সরকার ধর্মনগরে ব্লু ডার্ট সংস্থার ডেলিভারি কর্মী হিসেবে কর্মরত ছিলেন। গত ১৪ ডিসেম্বর একটি অনলাইন ডেলিভারি সংক্রান্ত বিবাদের জেরে তাঁকে প্রকাশ্যে অপমান ও শারীরিকভাবে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত পাঁচজন মিলে তাঁকে মারধর করার পাশাপাশি মোবাইলে সেই ঘটনার ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিওগুলি ভাইরাল হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েন প্রসেনজিৎ, যা শেষ পর্যন্ত তাঁর মৃত্যুর কারণ বলে অভিযোগ।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মানুষজন প্রসেনজিৎ সরকারের জন্য ন্যায়বিচারের দাবিতে একাধিক মিছিল ও বিক্ষোভে শামিল হন। ১৭ ডিসেম্বর সন্ধ্যায় ধর্মনগর থানার সামনে জড়ো হয়ে ক্ষোভ উগরে ব্যাপক বিক্ষোভ দেখান। জনবিক্ষোভের চাপে পড়ে শেষ পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে উদ্যোগ নেয় পুলিশ। পলাতক দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ।