আগরতলা, ১৮ ডিসেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরার রাজন্য স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠানগুলির সংস্কার ও সংরক্ষণে বর্তমান রাজ্য সরকার সদর্থক ও পরিকল্পিত উদ্যোগ নিয়ে কাজ করে চলেছে। সেই ধারাবাহিকতায় আগরতলার ঐতিহ্যবাহী তৎকালীন ভিএম হাসপাতাল, বর্তমান আইজিএম হাসপাতাল ভবনের সিসমিক রেট্রোফিটিং ও পুনরুদ্ধার কাজ শুরু করা হয়েছে।
বৃহস্পতিবার পুরনো আইজিএম হাসপাতাল ভবনের ভূমিকম্পগত সংস্কার ও পুনরুদ্ধার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পরবর্তী সময়ে গোটা প্রকল্পটি পরিদর্শন করে প্রকল্পের যাবতীয় পরিকল্পনা বুঝে নেন মুখ্যমন্ত্রী।
এছাড়াও সম্প্রতি আগরতলা জ্যাকশন গেট এলাকায় পুরাতন ভেঙে ফেলা জ্যাকসন গেটটি পুনর্নির্মাণের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি এলাকাটি পরিদর্শন করে আগরতলা পুর পরিষদের মেয়র দীপক মজুমদার জানান জেকশন গেটটি পুনঃনির্মাণ করতে প্রয়োজনীয় জমি দেখে নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এই প্রকল্পের কাজ শুরু করবে রাজ্য সরকার।
এই উদ্যোগের ফলে একদিকে যেমন রাজ্যের ঐতিহ্যবাহী চিকিৎসা পরিকাঠামোর সুরক্ষা ও সংরক্ষণ নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছেন আগরতলাবাসী।