আগরতলা, ৫ জানুয়ারি, ২০২৬ঃ
রাজ্যের বর্তমান সরকার উন্নয়নের ক্ষেত্রে কোনও ধরণের রাজনীতিকে প্রশ্রয় দেয়না। খাদ্য, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা সবার জন্যই সমানভাবে করা হচ্ছে। রাজনৈতিক পরিচয় দেখে এই সমস্ত সুযোগ সুবিধা ঠিক হয়না৷ আজ জিরানীয়ার শচীন্দ্রনগরে পর্যটন মন্ত্রণালয়ের স্বদেশ দর্শন ২.০ এর আওতায় নির্মাণ প্রকল্প ‘ত্রিপুরার ঐতিহ্যবাহী গ্রাম ও সংগীত অভিজ্ঞতার উন্নয়ন’-র ভিত্তিপ্রস্তর স্থাপন করে
এবং কলকাতার নিকো পার্কের আদলে বিনোদন পার্ক স্থাপনের ভূমি পূজন ও শিলান্যাস করে মুখ্যমন্ত্রী মানিক সাহা একথা বলেন। তিনি বলেন, আজ
যে দুটি প্রকল্পের শিলান্যাস হয়েছে এগুলি ত্রিপুরার পর্যটনক্ষেত্রের উন্নয়নে এক নতুন দিগন্তের উন্মোচন করবে। ভবিষ্যত প্রজন্মের কাছে এগুলি হবে দৃষ্টান্তমূলক প্রকল্প। এগুলির মাধ্যমে বিশ্বের মানচিত্রে ত্রিপুরার পর্যটন শিল্পের পরিচিতি আরও ব্যাপকতা
পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মুখ্যমন্ত্রী বলেন, গ্রাম ও সংগীত অভিজ্ঞতার উন্নয়ন প্রকল্পটি কার্যকর হলে এই স্থানে আগামী দিনে স্থানীয় তাঁতশিল্পীগণ তাদের ঐতিহ্যবাহী শিল্পের প্রচার ও
সংরক্ষণের সুযোগ পাবেন। বিদেশী পর্যটকদের সংস্পর্শে এসে তাদের শিল্পের বিকাশ হবে অতুলনীয়। এছাড়াও পর্যটকদের জন্য ত্রিপুরার সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার এক বিশেষ সুযোগ সৃষ্টি হবে। এই স্থানটিতে থাকবে ত্রিপুরার ঐতিহ্যবাহী
কারুশিল্প প্রদর্শনীর লাইভ শো, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, স্থানীয় খাবার ও ঐতিহ্যবাহী নানা পণ্যের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র।