আগরতলা, ১২ জানুয়ারি, ২০২৬ঃ
বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতন, হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানাল বিশ্ব হিন্দু পরিষদ, ভিএইচপি ও বজরং দল। সোমবার খোয়াই শহরে সংগঠন দু’টির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীদের দাবি, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর ধারাবাহিকভাবে অত্যাচার চলছে, যার বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা জরুরি। এই দাবিতে ‘হিন্দু তুমি গর্জে ওঠো’ সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে খোয়াই শহর।
মিছিলটি খোয়াই পুরানবাজার হয়ে সীমান্তের দিকে অগ্রসর হলে পুলিশ ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা ঘিরে পুলিশ ও আধা সামরিক বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়, ফলে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়। শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের একটি নির্দিষ্ট স্থানে অবস্থান বিক্ষোভ ও সংক্ষিপ্ত সভা করতে দেওয়া হয়।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই মিছিল সীমান্তের দিকে যেতে দেওয়া হয়নি। অন্যদিকে ভিএইচপি ও বজরং দলের নেতৃত্ব বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করেছে।