আগরতলা, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
আগরতলা মিলনচক্র–শ্রীনগর এলাকায় একটি বাড়ি থেকে একাধিক মৃত পশু উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অবসরপ্রাপ্ত বিএসএনএল সুপারভাইজার সুনীল চন্দ্র দাসের বাড়ি থেকে বিভিন্ন পশু কল্যাণ সংস্থার উদ্যোগে উদ্ধার করা হয়েছে কুকুর ও বিড়ালের মৃতদেহ।
অভিযোগ, নিবেদিতা সেনগুপ্ত নামে এক শিক্ষিকা বিভিন্ন জায়গা থেকে পশু উদ্ধার করে ওই বাড়িতে রাখতেন। কিন্তু সঠিক পরিচর্যার অভাবে কুকুর-বিড়াল মারা গেলে সেগুলি বাড়ির মধ্যেই ফেলে রাখা হতো। এর ফলে আশেপাশের পরিবেশ দূষিত ও বিষাক্ত হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের।
ঘটনাস্থলে পৌঁছায় পশু কল্যাণ সংস্থা, এআরডিডি দপ্তর ও পুলিশ। সেখান থেকে কুকুর ও বিড়ালের পাশাপাশি একটি বানরও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। উদ্ধারকারীরা বাড়ি থেকে ৫ থেকে ৭টি কুকুরের ব্যাগভর্তি মৃতদেহ উদ্ধার করেছেন বলে সূত্রের খবর।
স্থানীয়দের অভিযোগ, অঘোষিত একটি শেল্টার হাউসের আড়ালে বাড়িটিতে রোমহর্ষক পরিস্থিতি তৈরি হয়েছিল। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন এই এলাকায় ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে। এলাকাবাসীর একাংশের ধারণা, বাড়ির লোকজন কোনও বেআইনি কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত থাকতে পারেন।
কুকুর-বিড়াল পালনের নামে পশুদের বিরুদ্ধে চরম নিষ্ঠুরতার অভিযোগে শিক্ষিকা নিবেদিতা সেনগুপ্তের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তর।