আগরতলা, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
ট্রেড ইউনিয়নগুলির ডাকা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে বৃহস্পতিবার আগরতলায় বামফ্রন্টের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শহরের মেলার মাঠ থেকে শুরু হওয়া এই মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় মেলার মাঠেই এসে শেষ হয়।
মিছিলে অংশ নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে সহ বামফ্রন্টের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার কেন্দ্রের বিজেপি সরকারের নীতির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, সরকারের নীতির ফলে দেশের সাধারণ মানুষ ও শ্রমজীবী মানুষের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। শ্রমিকদের অধিকার, কাজের সুরক্ষা ও ন্যায্য মজুরির দাবিতেই এই ধর্মঘট ডাকা হয়েছে।
বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, শ্রমিক ও সাধারণ মানুষের দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হওয়ায় ধর্মঘট অনিবার্য হয়ে উঠেছে।
এদিকে, দেশের দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা ‘ভারত ধর্মঘট এর সমর্থনে সিআইটিইউ রাজ্য শাখা সহ বিভিন্ন শ্রমিক ও কৃষক সংগঠন আগরতলার একাধিক এলাকায় পিকেটিং ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে ধর্মঘট সমর্থকদের তৎপরতা ঘিরে উত্তেজনা লক্ষ্য করা যায়।
অন্যদিকে, ১২ ফেব্রুয়ারি সর্বভারতীয় ধর্মঘটের সমর্থনে জিরানিয়া মহকুমার খামতিং এলাকায় সিপিআইএম ‘রেল রোকো’ অভিযান চালায়।
ধর্মঘটের বিরোধিতায় এদিন রাস্তায় নামে বিজেপি। বিভিন্ন এলাকায় দলীয় কর্মীরা অবস্থান নিয়ে বনধের বিরুদ্ধে প্রচার চালায় এবং স্বাভাবিক জনজীবন বজায় রাখার আহ্বান জানায়।