আগরতলা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
কম পারিশ্রমিক ও পরিষেবা সংক্রান্ত নানা সমস্যার অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন উবের চালকরা। এর ফলে শহরে উবের মোটরসাইকেল পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
চালকদের দাবি, রাজ্যে প্রায় ৪০০ জন উবের মোটরসাইকেল চালক কাজ করছেন। কিন্তু তাদের সমস্যাগুলি শোনার জন্য ত্রিপুরাতে উবের কোম্পানির প্রতিনিধি নেই। ফলে বিভিন্ন সমস্যার সমাধান পাওয়া যাচ্ছে না।
বুধবার আগরতলা হেরিটেজ পার্ক এলাকায় প্রায় ২০০ এর বেশি উবের চালকরা প্রতিবাদে সামিল হন। সেখানে তারা জানান, স্মার্ট সিটি প্রকল্পের কাজ চলার কারণে শহরের অনেক রাস্তাঘাট খারাপ অবস্থায় রয়েছে। সেই পরিস্থিতিতেও তারা পরিষেবা দিয়ে যাচ্ছেন, কিন্তু উবের সংস্থার পক্ষ থেকে সহায়তা পাচ্ছেন না।
নিজেদের সমস্যা নিয়ে চার দফা দাবি তুলেছেন উবের চালকরা।
চালকদের হুঁশিয়ারি, উবের মোটর সাইকেল পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখবেন। এতে শহরের যাত্রী পরিষেবায় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রসঙ্গত, রাজ্যে অ্যাপ পরিবহন পরিষেবার অধীনে কত সংখ্যক মোটরসাইকেল চালক রয়েছেন তার কোন সঠিক পরিসংখ্যান নেই। তাছাড়া আগরতলা শহর বাদ দিলে রাজ্যের অন্যান্য মফস্বল শহর গুলিতে এই পরিষেবার বিস্তার কতটুকু কারো কোন সঠিক ধারণা নেই প্রশাসনের।