আগরতলা, ৩ মার্চ, ২০২৬ঃ
মাসের ৩ তারিখ পেরিয়ে গেলেও রাজ্য উপজাতি জেলা পরিষদের, টিটিএএডিসি কর্মচারীদের বেতন প্রদান না হওয়ায় তীব্র রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমে লাইভে এসে ক্ষোভ উগরে দেন প্রদ্যোত কিশোর দেববর্মন। তাঁর অভিযোগ, রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে পরিষদের কর্মচারীদের বেতনের টাকা আটকে রেখেছে।
প্রদ্যোত জানান, শুধু টিটিএএডিসির স্থায়ী কর্মচারীরাই নন, রাজ্য সরকারের যেসব কর্মচারী পরিষদে ডেপুটেশনে রয়েছেন, তাঁদের বেতনও এখনও পর্যন্ত মেটানো হয়নি। হোলি উপলক্ষে বুধবার সমস্ত সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে বৃহস্পতিবারের আগে বেতন পাওয়ার সম্ভাবনা নেই। ফলে কর্মচারীদের আর্থিক অনটনের মধ্যেই উৎসব পালন করতে হবে বলে তিনি দাবি করেন।
এই আর্থিক প্রতিবন্ধকতার জন্য তিনি সরাসরি জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা-র বিরুদ্ধে অভিযোগ তোলেন। তাঁর বক্তব্য, জানুয়ারি মাসেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য দপ্তরে চিঠি পাঠানো হয়েছিল, তবুও অর্থ ছাড়া হয়নি। প্রদ্যোতের দাবি, জনজাতি কল্যাণ দপ্তরের গাফিলতির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারের বিরুদ্ধে টিটিএএডিসিতে আর্থিক অবরোধের অভিযোগ উঠছিল। এদিন সরাসরি সেই অভিযোগ পুনর্ব্যক্ত করে প্রদ্যোত কিশোর বলেন, এই আর্থিক সংকটের জেরে পরিষদ এলাকার উন্নয়নমূলক কাজ কার্যত থমকে রয়েছে, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে।