আগরতলা, ২৩ জুন, ২০২৬ঃ
আগরতলা অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার হাসপাতালে দ্রুত শুরু হতে চলছে বোনম্যারো ট্রান্সপ্লান্টেশন। মঙ্গলবার স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে ক্যান্সার হাসপাতালটি পরিদর্শন করে এই পরিষেবা চালুর লক্ষ্যে কাজ শুরু করার নির্দেশ দেন। পাশাপাশি রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে হাসপাতালের আধুনিক ব্যবস্থাপনা অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিরণ গিত্তে জানান, ক্যান্সার হাসপাতালে উন্নতমানের ল্যাবসহ চিকিৎসার বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বোনম্যারো ওয়ার্ড দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়া হবে।
এদিকে ক্যান্সার হাসপাতালে রোগীর চাপ কমানোর জন্য ধলাই, গোমতী ও উত্তর জেলায় থাকা তিনটি ডে কেয়ার সেন্টারকে আরও সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, এই ডে কেয়ার সেন্টারগুলিতে প্রতি মাসে একবার অঙ্কোলজিস্টরা গিয়ে চিকিৎসকদের প্রশিক্ষণ দেবেন এবং রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদান করবেন।
এর ফলে রোগীদের ওরাল কেমোথেরাপি, প্যালিয়েটিভ কেয়ারসহ অন্য পরিষেবা পাওয়ার জন্য বারবার আগরতলায় আসতে হবে না। নিজ নিজ জেলাতেই চিকিৎসা সুবিধা পাওয়ায় রোগীদের ভোগান্তি কমবে এবং ক্যান্সার হাসপাতালের উপর চাপও হ্রাস পাবে।
স্বাস্থ্য সচিব জানান, বর্তমানে ক্যান্সার হাসপাতাল থেকে অস্ত্রোপচারের জন্য রোগীদের অন্যত্র রেফার করতে হচ্ছে না। হাসপাতালের ক্ষমতা বৃদ্ধি, থাকা সমস্ত চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং জেলাভিত্তিক ডে কেয়ার সেন্টারগুলিকে নিয়মিত সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।