আগরতলা, ৬ মার্চ, ২০২৬ঃ
ত্রিপুরায় চাকরিচ্যুত ১০,৩২৩ শিক্ষক-শিক্ষিকাদের জন্য ব্যাঙ্ক ঋণ প্রদানের উদ্যোগ নিল উপজাতি স্বশাসিত জেলা পরিষদ, এডিসি প্রশাসন। বৃহস্পতিবার এডিসির এক বৈঠকে এই বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে বিভিন্ন ব্যাঙ্কের প্রতিনিধিদের পাশাপাশি এডিসি প্রশাসনের আধিকারিক, এমডিসি এবং চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে প্রতিজনকে প্রায় তিন থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার প্রস্তাব রয়েছে। প্রথম পর্যায়ে এডিসি এলাকায় বসবাসকারী প্রায় ৩০০ জন চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাকে এই ঋণ দেওয়া হতে পারে। পরবর্তী পর্যায়ে আরও অনেককে এই সুবিধার আওতায় আনার সম্ভাবনাও রয়েছে।
তবে ঋণ প্রদানের শর্ত ও মোট কতজন এই সুবিধা পাবেন, সে বিষয়ে এখনও স্পষ্ট ঘোষণা করা হয়নি। ব্যাঙ্ক ঋণের ক্ষেত্রে ঋণগ্রহীতার সিভিল স্কোর বা পূর্ববর্তী ঋণের অবস্থাও বিবেচনায় আসতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও অনেক ক্ষেত্রে নিয়মনীতির কিছুটা শিথিল করা হতে পারে বলে বৈঠক সূত্রে ইঙ্গিত মিলেছে।
অন্যদিকে এডিসি নির্বাচনের আগে এই উদ্যোগ নেওয়া নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশ্লেষকদের মতে, চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের একটি বড় অংশ এডিসি এলাকায় বসবাস করায় তাদের সমর্থন পাওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।