আগরতলা, ২৪ মার্চ, ২০২৬ঃ
সমাজে বাল্যবিবাহ, গার্হস্থ্য হিংসা ও অন্যায় অবিচার রোধে শুধু আইনের উপর নির্ভর না করে সকলকে সচেতন হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিংকু রায়। মঙ্গলবার ত্রিপুরা মহিলা কমিশন অফিস প্রাঙ্গণে পশ্চিম ত্রিপুরা জেলার জন্য নতুন একটি ‘সখী ওয়ান স্টপ সেন্টার’-এর উদ্বোধন করে তিনি এই বার্তা দেন।
মন্ত্রী জানান, এই সেন্টারের মূল উদ্দেশ্য হল সমাজের বিপদগ্রস্ত, শোষিত ও নির্যাতিতা মহিলাদের তাৎক্ষণিক নিরাপত্তা ও সহায়তা প্রদান। এখানে মহিলারা বিনামূল্যে পাঁচ দিন থাকার সুযোগ পাবেন। পরবর্তীতে তারা ‘শক্তি সদন’-এ তিন বছর পর্যন্ত বিনামূল্যে থাকা ও খাদ্যের সুবিধা পাবেন। পাশাপাশি কাউন্সেলিং এবং বিনামূল্যে আইনি সহায়তাও দেওয়া হবে।
তিনি আরও বলেন, “মা যদি সুস্থ, শিক্ষিত ও স্বনির্ভর হন, তাহলে পরিবার ও সমাজও স্বনির্ভর হয়ে উঠবে।” নারী ও শিশু কল্যাণে রাজ্য সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। বর্তমানে রাজ্যের আটটি জেলায় আটটি ‘সখী ওয়ান স্টপ সেন্টার’ চালু রয়েছে এবং কুমারঘাটের পর এবার আগরতলায় নতুন কেন্দ্র চালু হলো।
নারী সশক্তিকরণ প্রসঙ্গে মন্ত্রী জানান, রাজ্যে কর্মরত মহিলাদের জন্য কৃষ্ণনগরে লক্ষ্মীবাই মেমোরিয়াল ওয়ার্কিং উইম্যান হোস্টেল চালু রয়েছে এবং আরও ১০টি হোস্টেল নির্মাণের কাজ চলছে, যার জন্য ব্যয় ধরা হয়েছে ১০০ কোটিরও বেশি টাকা। প্রতিটি হোস্টেলে প্রায় ১০০ জন মহিলা বিনামূল্যে থাকা ও খাওয়ার সুবিধা পাবেন।