আগরতলা, ২৬ মার্চ, ২০২৬ঃ
ত্রিপুরায় এডিসি নির্বাচনের প্রভাবে, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পর্ষদ সভাপতি ড. ধনঞ্জয় গণচৌধুরী বুধবার এই সম্ভাবনার কথা জানান।
তিনি বলেন, আগামী ৬ থেকে ৭ এপ্রিলের মধ্যে উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু করার পরিকল্পনা থাকলেও নির্বাচন সংক্রান্ত দায়িত্বে বহু শিক্ষক-শিক্ষিকা যুক্ত থাকায় এই প্রক্রিয়া বিলম্বিত হতে পারে। এর ফলে পূর্বনির্ধারিত ফল প্রকাশের সময়সূচি পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগে জানানো হয়েছিল, ৭ মে এর মধ্যে ফল প্রকাশ করা হবে।
এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি এবং শেষ হয়েছে ২৪ মার্চ। অন্যদিকে, উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয় ২৫ ফেব্রুয়ারি, যা শেষ হবে ৩০ মার্চ।
পর্ষদ সূত্রে জানা গেছে, এ বছর মাধ্যমিক পরীক্ষায় মোট ৩২,১৮৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ছেলে ১৪,৭৬৯ জন এবং মেয়ে ১৭,৪১৫ জন। উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ২৬,৫০২ জন—ছেলে ১২,৩৫৭ এবং মেয়ে ১৪,১৪৫ জন। সব মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮,৬৮৬, যা গত বছরের তুলনায় প্রায় ৮,৫০০ জন বেশি।
উত্তরপত্র মূল্যায়নের কাজে প্রায় দুই থেকে আড়াই হাজার শিক্ষক-শিক্ষিকা যুক্ত থাকবেন বলেও জানিয়েছেন পর্ষদ সভাপতি।