আগরতলা, ২৯ মার্চ, ২০২৬ঃ
আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রীকে গণতন্ত্র ও রাজতন্ত্রের পার্থক্য বোঝালেন তিপ্রামথা প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মা। রবিবার সামাজিক মাধ্যমে লাইভে এসে তিনি বলেন, গণতন্ত্রে জনগণের দাবি পূরণের প্রতিশ্রুতি থাকলেই ভোট মেলে, উন্নয়নের প্রলোভন দেখিয়ে নয়।
দলের অভ্যন্তরে প্রার্থী মনোনয়ন নিয়ে ক্ষোভ, জোট ভেঙে একক লড়াইয়ের সিদ্ধান্তসহ নানা ইস্যুতে এক সপ্তাহ নীরব থাকার পর এদিন সরব হন তিনি। এডিসি নির্বাচনে ২৮টির মধ্যে ২৮টি আসন জয়ের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিপ্রাসাদের ঐক্যের আহ্বান জানান প্রদ্যোত, যিনি ‘থানসা’র ডাকও দেন।
উপজাতি উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে একাধিক প্রশ্ন তোলেন তিপ্রামথা প্রধান। পাশাপাশি স্পষ্ট করে দেন, এডিসি নির্বাচনে বিজেপিকেই প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখছে তাদের দল, যদিও রাজ্য সরকারে এখনও দুই দল শরিক।
প্রদ্যোত কিশোর আরও বলেন, এডিসিতে জয় পেলে দিল্লি থেকেও ফোন আসবে, যা রাজনৈতিক গুরুত্বের ইঙ্গিত বহন করে। একই সঙ্গে তিপ্রাসাদের সাংবিধানিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের বার্তাও দেন তিনি।