আগরতলা, ৭ এপ্রিল, ২০২৬ঃ
উপনির্বাচনের প্রচারপর্বের শেষ লগ্নে ধর্মনগরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠল। কংগ্রেস প্রার্থীর নির্বাচনী প্রচারের গাড়ি আটকে দিলেন বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া।
অভিযোগ অনুযায়ী, প্রচারের নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যের সমর্থনে চলা প্রচার গাড়িকে পথেই বাধা দেওয়া হয়। কংগ্রেসের দাবি, শাসক দলের একাংশ কর্মী-সমর্থক তথা দুষ্কৃতীরা বিজেপি প্রার্থীর উপস্থিতিতেই এই বাধা সৃষ্টি করে। এতে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগও তোলা হয়েছে।
এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ ধরনের বাধা গ্রহণযোগ্য নয় এবং এর মাধ্যমে শাসক দলের ভয়েরই বহিঃপ্রকাশ ঘটেছে।
এদিকে, প্রচারের শেষ দিনে কংগ্রেসের তরফে ব্যাপক শক্তি প্রদর্শনও করা হয়। ধর্মনগরের বিবিআই মাঠ থেকে কংগ্রেস প্রার্থীর সমর্থনে একটি বাইক মিছিল বের হয়, যা শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এই মিছিলে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।
ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। নির্বাচনের আগে এমন ঘটনার জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।