আগরতলা, ৮ এপ্রিল, ২০২৬ঃ
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হয়েছে গত ৬ এপ্রিল থেকে। পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশের লক্ষ্যে জোরকদমে চলছে এই মূল্যায়ন প্রক্রিয়া। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিকের খাতা মূল্যায়ন দুটি কেন্দ্রে এবং মাধ্যমিকের খাতা মূল্যায়ন চারটি কেন্দ্রে পরিচালিত হচ্ছে। উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন ২২০০ শিক্ষক শিক্ষিকা।
উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে বড়দোওলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং নেতাজি সুভাষ বিদ্যা নিকেতনে। অন্যদিকে মাধ্যমিকের খাতা মূল্যায়ন করা হচ্ছে বাণী বিদ্যাপীঠ, বিজয় কুমার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বোধজং উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং কামিনী কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে।
বুধবার বড়দোয়ালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে মূল্যায়ন প্রক্রিয়া খতিয়ে দেখেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যেই মূল্যায়ন সম্পন্ন করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, সম্ভব হলে মে মাসের প্রথম সপ্তাহেই ফলাফল প্রকাশ করা হবে, আর তা সম্ভব না হলে সর্বোচ্চ ৭ মে-র মধ্যে ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।