আগরতলা, ১৬ এপ্রিল, ২০২৬ঃ
রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ শহরের একাধিক গুরুত্বপূর্ণ জল ও বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শন করেন। তিনি আখাউড়া রোডস্থিত সিউয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এস.টি.পি.), চান্দনিমুড়ার এম.আর.এফ. ও সিউয়েজ প্ল্যান্ট এবং ঊষাবাজারের জল শোধনাগার ঘুরে দেখেন।
পরিদর্শনকালে রাজ্যপাল বলেন, আগরতলাকে একটি পরিচ্ছন্ন ও নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে প্রশাসন কাজ করছে এবং নাগরিকদের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। শহরের পুকুরগুলির গভীরতা বৃদ্ধির বিষয়েও তিনি গুরুত্ব আরোপ করেন।
আখাউড়া এলাকায় স্টর্মওয়াটার ড্রেনেজ ব্যবস্থা ও সিউয়েজ পাম্পিং স্টেশন সম্পর্কেও বিস্তারিতভাবে অবহিত করা হয় রাজ্যপালকে। পরবর্তীতে চান্দনিমুড়ায় বর্জ্য পৃথকীকরণ ও পুনর্ব্যবহারযোগ্য উপকরণ প্রক্রিয়াকরণের কাজ পরিদর্শন করেন তিনি।
ঊষাবাজারের ৮ এমএলডি জল শোধনাগার প্রকল্প থেকে বর্তমানে আগরতলা পুরনিগমের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের প্রায় ৩,৯৪৭টি পরিবারে জল সরবরাহ করা হচ্ছে বলে জানানো হয়। এই প্রকল্প পরিচালনা করছে ত্রিপুরা জল বোর্ড।