আগরতলা, ২৩ এপ্রিল, ২০২৬ঃ
ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী তিন দিন গরম ও আর্দ্র আবহাওয়া বিরাজ করবে। ভারতীয় আবহাওয়া দফতর, আগরতলা কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে, এই সময়ে দিনের তাপমাত্রা অনেক জায়গায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে, যা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৪ ডিগ্রি বেশি।
এই আবহাওয়ার কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে। হিটস্ট্রোক, অতিরিক্ত ক্লান্তি ও পেশিতে টান পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিরা বেশি ঝুঁকিতে থাকবেন বলে সতর্ক করা হয়েছে। এছাড়া বাইরে কাজ করা শ্রমিকদের উৎপাদনশীলতাও কমে যেতে পারে।
এই পরিস্থিতিতে আইএমডি বেশ কিছু সতর্কতামূলক পরামর্শ দিয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে রোদে বের না হওয়ার, বেশি করে পানি পান করার এবং হালকা ও ঢিলেঢালা পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি অ্যালকোহল, চা, কফি ও সফট ড্রিংক এড়িয়ে চলতে এবং লস্যি, লেবুর পানি বা ওআরএস পান করতে বলা হয়েছে।
এছাড়া কৃষকদের নিয়মিত সেচ চালিয়ে যাওয়ার এবং পশুপালকদের পশুদের ছায়াযুক্ত স্থানে রাখা, পর্যাপ্ত পানি সরবরাহ ও বাতাস চলাচলের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৩ ডিগ্রি বেশি। চলতি এপ্রিল মাসে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা।