আগরতলা, ৭ মে, ২০২৬ঃ
ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের বহু প্রতীক্ষিত নির্বাচন আগামী ১৩ জুন অনুষ্ঠিত হতে চলেছে। ওইদিন ২০২৫-২৬ এবং ২০২৭-২৮ অর্থ বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হবে। এ মর্মে বৃহস্পতিবার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন।
ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের বর্তমান সাধারণ সম্পাদক আইনজীবী কৌশিক ইন্দু জানান, নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবারই খসড়া ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, মোট সদস্য ৫৯৬ জন। এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
জানা গেছে, চলতি বছরের শুরুতেই নির্বাচন হওয়ার কথা থাকলেও ফেব্রুয়ারি মাসে বার কাউন্সিল অফ ত্রিপুরার নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন জানুয়ারি থেকে পিছিয়ে দেওয়া হয়েছিল।
এবারের নির্বাচনে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মহিলাদের জন্য সংরক্ষণ ব্যবস্থা কার্যকর করা হয়েছে। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির মোট ১৫টি আসনের মধ্যে ৪টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।
তবে সভাপতি, সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদকের পদ একটি করে হওয়ায় এই পদগুলিতে কোনও সংরক্ষণ রাখা হয়নি। অন্যদিকে সহ-সম্পাদকের দুটি পদের মধ্যে একটি পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এছাড়া কার্যকরী সদস্যের ১০টি আসনের মধ্যে ৩টি আসনও মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে।