আগরতলা, ৯ মে, ২০২৬ঃ
ত্রিপুরায় টিটিএএডিসি এলাকার বহু প্রতীক্ষিত ভিলেজ কমিটি নির্বাচনের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশন। শনিবার জারি করা এক বিজ্ঞপ্তিতে রাজ্য নির্বাচন কমিশন ভোটগ্রহণ কেন্দ্রের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১১ মে খসড়া ভোটকেন্দ্র তালিকা প্রকাশ করা হবে। ১৫ মে পর্যন্ত দাবি ও আপত্তি গ্রহণ করা হবে এবং ১৬ মে সেগুলির নিষ্পত্তি করা হবে। এরপর ১৮ মে চূড়ান্ত ভোটকেন্দ্র তালিকা প্রকাশ করা হবে।
তাছাড়া সংশ্লিষ্ট ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসাররা নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংখ্যক ভোটকেন্দ্র নির্ধারণ করবেন। খসড়া ভোটকেন্দ্র তালিকা নির্দিষ্ট ফরম্যাটে প্রস্তুত করে জনসাধারণের দাবি ও আপত্তি গ্রহণের জন্য প্রকাশ করতে হবে। পাশাপাশি স্বীকৃত রাজনৈতিক দলগুলির স্থানীয় ইউনিটগুলিকেও ওই খসড়া তালিকার কপি সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, দাবি ও আপত্তি নিষ্পত্তির পর রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা সাপেক্ষে চূড়ান্ত ভোটকেন্দ্র তালিকা প্রকাশ করা হবে। তালিকা ব্লকভিত্তিক প্রস্তুত করতে হবে।
বিজ্ঞপ্তিতে সমস্ত রিটার্নিং অফিসারকে নির্ধারিত সময়সূচি মেনে দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, তিপ্রামথা দলের দায়ের করা এক মামলায় সুপ্রিম কোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে আগামী জুলাই মাসের মধ্যে ভিলেজ কমিটি নির্বাচন শেষ করতে নির্দেশ দিয়েছে।