আগরতলা, ১৩ মে, ২০২৬ঃ
রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং এর পরিধি বৃদ্ধির ক্ষেত্রে বর্তমান রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তাঁর দাবি, সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে রাজ্য থেকে রেফারেল রোগীর সংখ্যা ইতিমধ্যেই প্রায় ৮০ শতাংশ কমেছে।
বুধবার স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক সেবিকা দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী এই কথা বলেন। অনুষ্ঠানে তিনি বলেন, চিকিৎসা ব্যবস্থায় নার্স ও সেবিকাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের ছাড়া স্বাস্থ্য পরিষেবা কার্যত অসম্ভব। কর্মক্ষেত্রে সেবিকাদের পোশাক শুধু দায়িত্বের প্রতীক নয়, গর্বেরও বিষয় বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, সেবিকারা যত বেশি চ্যালেঞ্জ গ্রহণ করবেন, ততই তাঁদের অভিজ্ঞতা ও দক্ষতা বাড়বে এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করা সহজ হবে।
কোভিড পরিস্থিতিতে চিকিৎসক ও নার্সদের ভূমিকার প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, সেই সময় তাঁরা প্রকৃত যোদ্ধার মতো কাজ করেছেন। পাশাপাশি সেবিকাদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কেও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যে নার্সিং শিক্ষার পরিধি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের লক্ষ্যে ১৫৩ জন নার্সিং স্টাফ নিয়োগ করা হয়েছে এবং আরও ১০০ জনকে শীঘ্রই নিয়োগ করা হবে।